ফরিদপুর মেডিকেলে হাজতির মৃত্যু পুলিশের নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার দিবাগত রাতে আরিফ মাতুব্বর নামের এক হাজতির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, পুলিশ হেফাজতে নির্যাতনে আরিফ মেরুদণ্ডে প্রচণ্ড চোট পান। এ কারণেই তাঁর মৃত্যু হয়।আরিফের মৃত্যু সনদে লেখা হয়েছে, ‘ঘাড়সহ মেরুদণ্ডের হাড়ের ব্যথার কারণে হূদেরাগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আরিফের (৩২) বাড়ি মাদারীপুরের সদর উপজেলার লোহাডাঙ্গা গ্রামে। তিনি মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ১৫ জুলাই পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) খান মো. জুবায়েরের নেতৃত্বে আরিফকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্যমতে, আরিফের কাছে ২০ বোতল ফেনসিডিল ছিল। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে মাদারীপুর করাগারে পাঠানো হয়।আরিফের চাচা ওলি সামাদ প্রথম আলোকে বলেন, ‘আরিফ নিরপরাধ ছিল। গ্রেপ্তারের পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এর একপর্যায়ে সে “ও মাগো” বলে চিৎকার দিয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে।’আরিফের স্ত্রী পারুল বেগম বলেন, তাঁদের ঘরে ফেনসিডিলের কোনো বোতল ছিল না। তাঁর স্বামীকে শুধু শুধু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই রাতে আরিফের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে কারাগারে পাঠানোর পর তাঁকে ঠিকমতো চিকিৎসাও দেওয়া হয়নি। মাদারীপুরের জেলখানার চিকিৎসক তুহিন কান্তি বড়াল বলেন, কারাগারে এসে আরিফ তাঁকে জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর হাতের কনুই দিয়ে তাঁর মেরুদণ্ডে সজোরে আঘাত করা হয়। তিনি মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন। এরপর তাঁকে দুই দফা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসা দেওয়ার সুপারিশ জানিয়ে ৪ ডিসেম্বর আরিফকে ফরিদপুর কারাগারে স্থানান্তর করা হয়। ওই কারাগারের চিকিৎসক মো. আহাদ বলেন, আরিফ পিঠে অসহ্য ব্যথা অনুভব করলে গত মঙ্গলবার তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।গ্রেপ্তারের পর আরিফের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে ডিবির এসআই জুবায়ের মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার বলেন, পুলিশ কেন আসামিদের নির্যাতন করবে! জুবায়ের বর্তমানে ডিএমপিতে কর্মরত। এদিকে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ফরিদপুর কারা কর্তৃপক্ষ আরিফের লাশ তাঁর স্বজনদের হাতে তুলে দেয়।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, থানা হেফাজতে আরিফকে কোনো নির্যাতন করা হয়নি।