ফরিদপুর শহর রক্ষা বাঁধের একাংশে ধস, সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও মধুখালী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফরিদপুর শহর রক্ষা বাঁধের একাংশ ধসে গেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যাদুর্গত লোকজনকে সতর্ক করে মাইকিং করা হয়েছে।গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীর পানি গতকাল শনিবারের আগে ২৪ ঘণ্টায় আরও ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার (৮ দশমিক ৬৫ মিটার) ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর এলাকায় শহর রক্ষা বাঁধের কিছু অংশ গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ধসে পানি ঢুকতে শুরু করে। ওই এলাকার নওয়াব আলী শেখ বলেন, ‘বাঁধ ভাইঙ্গা পানি ডাক ছাইড়া কলকল কইরা ঢুকতে থাকে। তখন পাশের হামিদ শেখের পরিবারের লোকরা এ ঘটনা দেখে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। গ্রামবাসী বালির বস্তা দিয়ে বাঁধ মেরামতকাজে অংশ নেয়।’ একই এলাকার আজাদ শেখ বলেন, ‘রাইতে আমরা বাঁধ মেরামত শুরু না করলে এলাকা বন্যার পানিতে ভাইসা যাইত।’ ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আ. মতিন সরকার বলেন, বাঁশের প্রাচীর ও বালুভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধের ধসে পড়া অংশটি মেরামত করা হয়েছে। এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুক্রবার রাতে বন্যাকবলিত এলাকার লোকজনকে সতর্ক করে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানিয়ে শহরে মাইকিং করা হয়েছে। মাইকিংয়ে বলা হয়, ‘উজান থেকে নেমে আসা ঢলের কারণে পদ্মা নদীতে পানি বাড়ছে। আজ রাতে তা আরও বাড়তে পারে। আপনাদের জানমাল ও গবাদিপশু কাছের বেড়িবাঁধ, স্কুল ও উঁচু জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’ এদিকে বন্যার পানির তোড়ে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর, গয়েশপুর, ফুলবাড়িয়া, সালামাতপুর, গন্ধখালী ও আড়পাড়া গ্রামে মধুমতী নদীর ভাঙনে শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। প্রায় এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এই উপজেলার পাঁচটি গ্রামের দুই শতাধিক বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে রয়েছে। ভাঙনকবলিত শতাধিক পরিবার পাশের মাগুরা জেলার কুসুমদী ও ফুলবাড়িয়া গ্রামে আশ্রয় নিয়েছে।গতকাল মধুখালী উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরাজুল ইসলাম উকিল নদীগর্ভে বিলীন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ শুক্রবার চরভদ্রাসন উপজেলায় পদ্মার ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহোসেনপুর গ্রাম ও সদর ইউনিয়নের এমপিডাঙ্গী গ্রামে যান এবং ভাঙন রোধে দ্রুত কাজ হবে বলে এলাকাবাসীকে আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহম্মদ, পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চেয়ারম্যান আবুল হোসেন ও ফকির আবদুস ছাত্তার এবং ইউএনও আবদুর রশিদ।