ফরিদপুর শহরে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়াপাড়ায় নিজ বাড়িতে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন ব্যবসায়ী আশিফুল মিয়া ওরফে রাজীব (৩০)। তিনি ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আওয়াল মিয়ার ছেলে।রাজীব নিজেকে ঢাকার মহাখালী এলাকার মার্ক এক্সেসরিস নামের একটি পোশাকশিল্পের মালিক দাবি করে বলেন, ফরিদপুরেও তিনি ডিস (কেব্ল) ও কার ভাড়া দেওয়ার ব্যবসা করেন। তিনি জানান, রাতে একটি মোটরসাইকেলে করে তিনি বাড়ির গেটের সামনে দাঁড়ালে অজ্ঞাতনামা ব্যক্তিরা পিস্তল ও শটগানের গুলি ছোড়ে। দুটি গুলি পিঠে ও দুটি হেলমেট ভেদ করে মাথায় আঘাত করে। তবে পিস্তলের গুলি তাঁর গায়ে লাগেনি। ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির দুটি খোসা উদ্ধার করা হয়। হামলাকারীদের কাউকে দেখেননি বলে তিনি জানান। আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই অস্ত্রোপচার করে পিঠের দুটি বুলেট অপসারণ করা হয়। সোমবার দুপুরে মাথায় বিদ্ধ হওয়া গুলি দুটি অপসারণের জন্য পুনরায় অস্ত্রোপচার করার কথা।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুনীল কুমার কর্মকার বলেন, এ ব্যাপারে আশিফুল থানায় একটি এজাহার দিয়েছেন।