ফরিদপুর শহরে ডাকাতি
ফরিদপুর শহরে এক স্কুলশিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই শিক্ষিকাকে রড দিয়ে পিটিয়ে আহত করে অস্ত্রের মুখে নগদ পাঁচ লাখ টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।গত মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে চারটার মধ্যে এ ঘটনা ঘটে কুমার নদের পাড়ে শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা জর্জিয়া আক্তার ওরফে নিশার (৫২) প্রাচীরঘেরা ‘ওয়েল প্রটেকটেড’ বাড়িতে। তিনি স্থানীয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জর্জিয়া আক্তার জানান, ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল প্রাচীর টপকে বাড়ির আঙিনায় ঢুকে রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে। ডাকাতদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হবে এবং তাদের সবার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ডাকাতেরা তাঁর মাথায় রড দিয়ে আঘাত করে, মুখে কিল-ঘুষি মারে এবং মুখ বেঁধে আটকে রেখে ডাকাতি করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী ডাকাতির সময় ডাকাতেরা প্রতিটি ঘরের স্টিলের আলমারিসহ যাতবীয় আসবাব তছনছ করে নগদ পাঁচ লাখ টাকা ও ২০ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে রান্নাঘরের ওই জানালা দিয়েই পালিয়ে যায়।বাড়ির কাজের লোক ছুটিতে থাকায় ওই রাতে তিনি একাই বাড়িতে অবস্থান করছিলেন। তাঁর স্বামী আমান খন্দকার ২০০৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র ছেলে খন্দকার মেহেদী আক্তার ওরফে সেতু বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ডাকাতি করে যাওয়ার সময় ডাকাতেরা একটি জ্যাকেট ফেলে যায়।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত গোলদার জানান, ফেলে যাওয়া জ্যাকেট থেকে সিমভর্তি একটি মুঠোফোন, মাওয়া লঞ্চঘাটের টিকিট এবং ফরিদপুরের আনারকলি সিনেমা হলের টিকিট পাওয়া গেছে। আহত স্কুলশিক্ষিকাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।