ফরিদপুর শহরের ২৫ সড়ক বেহাল
ফরিদপুর পৌরসভার গুরুত্বপূর্ণ থানা সড়কের বিভিন্ন জায়গায় চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত গভীর গর্ত। গর্তগুলোর প্রস্থ ৩ থেকে ২০ ফুট। বৃষ্টির কারণে পানি জমে গেছে। রিকশা ও গাড়ি ছুটছে কাদাপানি ছিটিয়ে। রিকশায় উঠলে ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। অনেক সময় ঘটে দুর্ঘটনা।শুধু থানা সড়ক নয়, সংস্কারের অভাবে ফরিদপুর পৌরসভার অনেক সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নানা প্রয়োজনে ফরিদপুর পৌরসভার দেড় লক্ষাধিক মানুষ প্রতিদিন এসব সড়ক ব্যবহার করতে গিয়ে ভোগান্তি পোহায়। কষ্টের কথা বলে রিকশাচালকেরাও বেশি ভাড়া দাবি করছেন। এ কারণে প্রায়ই যাত্রীদের সঙ্গে চালকদের বচসা হচ্ছে।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত পৌর এলাকায় ১২০টি সড়ক আছে। এর মধ্যে সংস্কারের অভাবে গর্ত সৃষ্টি হয়ে ও ভেঙে ২৫টি সড়ক দিয়ে এলাকার বাসিন্দাদের চলাচল করতে সমস্যা হচ্ছে।গত মঙ্গলবার সকালে শহরের ঝিলটুলী এলাকার করিম মিয়া, মসজিদ বাড়ি; নিলটুলী মহল্লার আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের পশ্চিম পাশ, গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ি, রথখোলা, সিংপাড়া, ওয়ারলেসপাড়া, মহিম ইনস্টিটিউট-সংলগ্ন শোভারামপুর; খাবাসপুর এলাকার সৈয়দ আবদুর রব, লঞ্চঘাটা; লক্ষ্মীপুর মহল্লার স্টেশন, চুনাঘাটা, আলাউদ্দিন, তকি মোল্লা; হরিসভা এলাকার কালীবাড়ি, বিন্দুপাড়া ও বৈরাগী স্কুলের মোড় সড়কের দুরবস্থার চিত্র দেখা গেছে।শহরের সালথা-গোট্টি এলাকার রিকশাচালক মো. মাইনুদ্দিন বলেন, ‘এসব সড়ক দিয়ে রিকশা চালাইতে গেলে কষ্ট হয়। কিন্তু রিকশা না চালাইলে খাব কী। তাই কষ্ট কইরা চলতে হয়।’ বেশি ভাড়া আদায়ের যুক্তি তুলে ধরে রিকশাচালক টেপাখোলা মহল্লার রমজান আলী বলেন, ‘রাস্তায় রিকশা নামাইলে চাকা লিক হয়, স্পোক কাটে। সেগুলো সারাইতে টাকা লাগে। বেশি ভাড়া না নিলে বাঁচব কীভাবে।’থানা সড়ক এলাকার কামরুজ্জামান সোহেল বলেন, বিভিন্ন কাজে প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে। কিন্তু কার্পেটিং উঠে গর্ত হওয়ায় সড়কটি নরকে পরিণত হয়েছে। ঝিলটুলী এলাকার রহমত আলী বলেন, দুই মাস আগে করিম মিয়া সড়কটি সংস্কার করার নামে বিভিন্ন জায়গায় বিটুমিনের প্রলেপ দেওয়া হয়। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় দুদিন পরই বিটুমিনের প্রলেপ উঠে যায়। এ কারণে সড়ক আগের মতো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাওসার মোল্লা জানান, সড়কগুলো সংস্কারের জন্য পৌরসভার নিজস্ব তহবিল ও একটি প্রকল্পের আওতায় আট কোটি ৯০ লাখ টাকার দরপত্র আহ্বান করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। বৃষ্টির মধ্যে বিটুমিনের কাজ করা হলে তা কোনো কাজে আসবে না। এ জন্য আপাতত ঠিকাদারকে কাজ করতে নিষেধ করা হয়েছে।মেয়র শেখ মাহাতাব আলী জানান, সড়কগুলো দ্রুত সংস্কার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।