ফরিদপুর শান্তিনিবাসে প্রবীণদের অন্য রকম একটি বিকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শান্তিনিবাসের প্রবীণদের অন্য রকম একটি বিকেল কেটেছে গত বুধবার। শীতের পিঠাপুলি খেয়ে ও স্মৃতিচারণা করে তাঁদের কেউ কেউ আবেগাপ্লুত হয়েছেন, আবার কেউ কেউ কেঁদেছেন।ঢাকা বিভাগীয় বৃদ্ধদের আবাসন কেন্দ্র শান্তিনিবাস ফরিদপুরে অবস্থিত। এখানে বর্তমানে ১৪ জন প্রবীণ রয়েছেন। এর মধ্যে পাঁচজন পুরুষ ও নয়জন নারী। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা শীতের পিঠাপুলি নিয়ে হাজির হন শান্তিনিবাসে। তাঁরা প্রবীণদের মাঝে ওই পিঠাপুলি বিলি করেন এবং একসঙ্গে বসে খান ও খোসগল্প করেন।শান্তিনিবাসের প্রবীণ নিবাসী নগরকান্দার তালমা গ্রামের আ. গফুর (৮৫) বলেন, ‘সংসারের কেউ খোঁজও নেয় না। অনেক দিন এই রকম শীতের পিঠাও খাই না। খুব ভালো খেলাম।’ আরেক নিবাসী ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মহল্লার রিনিয়া বেগম (৬৫) বলেন, ‘আমাগো মেয়েরা তো পিঠা বানানো ভুইলা গেছে। তোমরা এ ধারা বজায় রাখছো। তা দেখে খুব ভালো লাগছে। এইডাই আমাগো সংস্কৃতি। এই সংস্কৃতিরে বাঁচায় রাখবা।’ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা নিজের হাতে চার ধরনের পিঠা বানিয়ে শান্তিনিবাসে নেন। পিঠার মধ্যে ছিল পাটিসাপটা, ভাঁপা, আন্দোশা ও পাকান পিঠা।জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সহিদুল্লা বলেন, সংসারে যাদের ঠাঁই হয়নি, ছেলেমেয়ে, আত্মীয়স্বজনেরা যাঁদের খোঁজও রাখেনি,তাঁদের জন্য প্রথম আলো বন্ধুসভার তরুণ সদস্যরা যে কাজ করল তা সবার জন্য উদাহরণ হতে পারে। ফরিদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রুমানুল বাসার বলেন, ‘বুধবার ছিল একটি ব্যতিক্রমধর্মী তারিখ। শত বছরে এ জাতীয় তারিখ একবারই আসে। দিনটি সঞ্চরণীয় করে রাখতে আমরা শীতের পিঠাপুলি নিয়ে হাজির হয়েছি শান্তিনিবাসে।’পরে বন্ধুসভার সদস্যরা শান্তিনিবাসের চত্বরে হরীতকী, অর্জুন ও আমলকীগাছের তিনটি চারা রোপণ করেন।