ফরিদপুর হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে গত রোববার রাতে চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এক সেবিকার স্বামী ও ছেলে রোগীর স্বজনদের হাতে প্রহূত হয়েছেন।হাসপাতাল ও প্রসূতির স্বজনদের সূত্রে জানা গেছে, গত রোববার রাত পৌনে আটটার দিকে ফরিদপুর শহরতলির বাহিরদিয়া নতুনপাড়া এলাকার আল আমিন খাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন (২০) প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোগীর অবস্থা দেখে স্বাভাবিক প্রসব হবে বলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা দোলা ঘোষ অভিমত দেন। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে একপর্যায়ে জটিলতার সৃষ্টি হলে চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচারে দেরি হওয়ার কারণে রাত সাড়ে নয়টার দিকে প্রসূতি মৃত সন্তান প্রসব করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সন্তান প্রসবের পর প্রসূতির আত্মীয়স্বজন কর্তব্যরত সেবিকাদের ওপর চড়াও হলে তাঁরা স্নানকক্ষে আশ্রয় নেন। খবর পেয়ে এক সেবিকার স্বামী ও ছেলে ঘটনাস্থলে গিয়ে প্রসূতির স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করলে তাঁরা তাঁদের মারধর করেন। রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী ও সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার ঘটনাস্থলে এসে এ ব্যাপারে তদন্ত করে দোষীদের শাস্তির ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সাবিনার ভাই আরিফুর রহমান জানান, এটি সাবিনার প্রথম সন্তান; ছেলে হয়েছিল। কিন্তু সেবিকা ও চিকিৎসকদের অবহেলার কারণে সে আর আলোর মুখ দেখতে পারল না বলে তিনি অভিযোগ করেন।ফরিদপুর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা দোলা ঘোষ বলেন, ‘পরিস্থিতি বুঝে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। কিন্তু অবেদনবিদ না পাওয়ায় সময়মতো অস্ত্রোপচার করা যায়নি। এর মধ্যে প্রসূতি মৃত সন্তান প্রসব করেন।’সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার জানান, এ ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন তপন কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।