ফরিদপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মুজাহিদ!
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে চূড়ান্ত করা হয়েছে। মুজাহিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হয়েছে।
নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা জামায়াত। ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত। সম্প্রতি দলীয় এক সভায় এই দুই আসনে দলীয় প্রার্থী চূড়ান্তও করে ফেলা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা হলেন ফরিদপুর-৩ আসনে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। জেলা জামায়াত সূত্রে জানা গেছে, দুই প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি তাদের পক্ষ থেকে ফরিদপুর সদর আসনের ভোটারদের উদ্দেশে ‘জামায়াতের পক্ষে শুভেচ্ছা নিন’ জানিয়ে পোস্টারিং করা হয়েছে।
জেলা জামায়াতের আমির শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। ওই দুই আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে জেলা আমির বলেন, ‘আমরা প্রার্থী ঘোষণা করেছি। নির্বাচন কমিশন নিষেধাজ্ঞা দিলে আমরা দলীয় ফোরামে বসে বিকল্প নতুন প্রার্থী মনোনয়ন দেব।’
প্রসঙ্গত, গত নবম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল তৃতীয় হন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত হন।