ফরিদপুরকে বিভাগ করার দাবি, সমাবেশ
ফরিদপুরকে বিভাগ করার দাবিতে গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছে এলাকার সর্বস্তরের মানুষ। ফরিদপুর বিভাগ বাস্তবায়ন পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের কবি জসীমউদ্দীন হলের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর একটি পুরাতন জনপদ। এর রয়েছে সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য। ভারতীয় উপমহাদেশের ইতিহাস নির্মাণে এ জেলার কৃতী সন্তানেরা যুগান্তকরী ভূমিকা পালন করেছেন। বহু আগেই ফরিদপুর বিভাগ হওয়া উচিত ছিল। তাই তাঁরা অবিলম্বে ফরিদপুরকে বিভাগ করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদ ব্যাপারী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।