ফরিদপুরে অগ্নিকাণ্ড গ্রাম পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুঘলদিয়া গ্রাম গতকাল বেলা তিনটার দিকে আগুনে পড়ে ছাই হয়ে গেছে। এতে গ্রামের ৩৬টি পরিবার ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামের নূরুল মাতুব্বরের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ফরিদপুর ও বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গ্রামের সব বাড়িঘর পড়ে গেছে।উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, আগুনের ভয়াবহতা চোখে না দেখলে বোঝার উপায় ছিল না। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কোনো বাড়ির লোকজন তাদের দ্রব্যসামগ্রী বের করতে পারেনি। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম বলেন, ‘একটি গ্রাম পুড়ে ভস্ম হয়ে যাওয়ার ঘটনা এর আগে আমি দেখিনি। পরিস্থিতি কতটা ভয়াবহ, না দেখলে বোঝার উপায় নেই। বর্তমানে গ্রামের লোকজন খোলা আকাশের নিচে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারকে ২০ কেজি চাল ও এক হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে।’ ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সাহায্য করেছি।’