ফরিদপুরে অগ্নিদগ্ধ সেই তরুণী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ধোলইচর গ্রামের মনিরা বেগম নামের অগ্নিদগ্ধ সেই তরুণী মারা গেছেন। গত রোববার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।মনিরা গত ২৭ জুন সকালে তাঁর প্রতিবেশী শাহাবুদ্দিনের বাড়িতে গেলে সেখানে তিনি অগ্নিদগ্ধ হন। শাহাবুদ্দিনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বিরোধের জেরে মনিরার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অবশ্য শাহাবুদ্দিনের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়, তাঁদের ফাঁসাতে মুনিরা নিজেই শরীরে আগুন দেন। অগ্নিদগ্ধ মনিরাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৫ জুলাই জেলা প্রশাসন, জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা রসিন ও ব্লাস্টের সহায়তায় মনিরাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত রোববার মৃত্যু হয় তাঁর।মনিরা অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় আফলাডাঙ্গা থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১ জুলাই লিখিত অভিযোগ দেওয়া হয়। ৩ জুলাই মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় দাহ্য পদার্থ দিয়ে হত্যার উদ্দেশ্যে পোড়ানোর অভিযোগে শাহাবুদ্দিন, তাঁর মা আছিয়া খাতুনসহ চারজনকে আসামি করা হয়। আসামিরা পলাতক।