ফরিদপুরে অপরিবর্তিত সিরাজগঞ্জে উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিরাজগঞ্জে নদীর পানি কমায় গতকাল বৃহস্পতিবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর: ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গতকাল রাত পর্যন্ত বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার পানি কমলেও দুর্গত মানুষের দুর্ভোগ কাটেনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কসিম উদ্দিন বলেন, ফরিদপুরে বন্যা শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত পাঁচটি উপজেলায় ৫ হাজার ২০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে আউশ ১ হাজার ৫০৯, বোনা আমন ২ হাজার ৪১৮, রোপা আমনের বীজতলা ২৩, রোপা আমন ১ হাজার ১১০ এবং বিভিন্ন ধরনের সবজি ১৪০ হেক্টর।

গত বুধবার বিকেলে বন্যার পানির তোড়ে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের খুশির মোড় এলাকায় ফরিদপুর-চরভদ্রাসন-সদরপুর সড়কের ধসে পড়া ৩০ ফুট অংশ এলাকাবাসী, জেলা প্রশাসন ও সড়ক বিভাগ মেরামত করেছে। ভেঙে পড়ার ছয় ঘণ্টা পর মেরামতকাজ শেষ হলে বুধবার রাত পৌনে ১০টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়।

সিরাজগঞ্জ: জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত যমুনা নদীতে পানি কমে। রাতে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। স্রোতের তীব্রতার কারণে চৌহালী, কাজীপুর, সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকাসহ যমুনা নদীর পশ্চিম তীরবর্তী দেওয়ান তারুটিয়া, বাহুকা, শুভগাছা এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বানভাসি মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে।

গতকাল আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাংসদ আবদুর রাজ্জাক কাজীপুর উপজেলার বিভিন্ন এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।