ফরিদপুরে অপহরণ চেষ্টার অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের কলেজ রোড এলাকা থেকে গত সোমবার রাতে একটি প্রাইভেট কারসহ তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণচেষ্টার অভিযোগে আটক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।এলাকাবাসী জানায়, সোমবার রাত নয়টার দিকে নগরকান্দা বাজারের কলেজ রোড এলাকায় একটি প্রাইভেট কার নিয়ে তিন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের পরিচয় জানতে চায় এলাকাবাসী। এ সময় ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয় লোকজন। পরে তাঁদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন খুলনার খালিশপুরের আবুল বাসার (৪০), যশোরের চাচড়া মোড় এলাকার সাবু হাওলাদার (৩০) ও যশোর শহরের রেলগেট এলাকার টুলু (৪৭)। পুলিশ তাঁদের প্রাইভেট কারটি জব্দ করেছে।এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে আসামি করে অপহরণচেষ্টার অভিযোগে নগরকান্দা থানায় সোমবার রাতেই মামলা করেছেন কলেজ রোড এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা রাজিউর রহমানের মেয়ে রোজিনা ইয়াসমিন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, তাঁর মা খাদিজা রহমান সম্প্রতি সোনালী ব্যাংকের সালথা শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে বিয়ে করেন। এরপর তাঁর মাকে তালাক দেন বাবা। বাবার পেনশনের অর্থের উত্তরাধিকারী ছিলেন তাঁর মা। গ্রেপ্তারকৃতরা তাঁর বাবার পেনশনের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাঁকে অপহরণের চেষ্টা করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবুল বাসার তাঁর মামা।আবুল বাসার গতকাল মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেছেন, রাজিউর রহমানের অবসরকালীন ভাতা বাবদ ২০ লাখ টাকা হাতিয়ে নিতে তাঁকে অপহরণ করার জন্য জাহাঙ্গীর আলম তাঁদের ভাড়া করেন।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।