ফরিদপুরে অবাধে কাটা হচ্ছে সড়কের গাছ

ফরিদপুরের বদরপুর-সালথা সড়কে অবাধে কেটে ফেলা হচ্ছে বড় বড় গাছ। এলাকাবাসী জানান, ২৫-৩০ বছর আগে লাগানো এসব গাছ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের অনুমতি নিয়েই কাটা হচ্ছে।
গত সোমবার (২৫ মে) সকালে ওই সড়কের কৈজুরি ইউনিয়নের হাকিম মাওলানার বাড়ির কাছে একটি মেহগনিগাছ কেটে ফেলা হয়। গাছটি কাটায় নেতৃত্ব দিয়েছেন এলাকার ফজলু মিয়া ও মো. রুস্তম। এ ছাড়া একই ইউনিয়নের সমেশপুর বাজার এলাকা থেকে কাটা হয়েছে একটি কদমগাছ।
মো. রুস্তম জানান, এলাকার এক বাড়িতে ওরস হবে। কিন্তু ওই গাছটি থাকায় ওরসের গেট নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। এ জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুমতি নিয়েই গাছটি কেটে ফেলা হয়েছে।
ওই দিনই একই সড়কে কানাইপুর ইউনিয়নের শোলাকুণ্ডু এলাকায় বড় একটি কড়ইগাছ কেটে ফেলা হয়। এ গাছটি কাটায় নেতৃত্ব দিয়েছেন মো. রুস্তম। ২০ মে ওই সড়কে কৈজুরি ইউনিয়নের ঠেনঠেনিয়া এলাকা থেকে একটি শিশুগাছ কেটে ফেলা হয়। ১৮ মে কৈজুরি ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে একটি আকাশমণিগাছ কেটে ফেলা হয়। এ কাজে নেতৃত্ব দিয়েছেন ওই এলাকার মো. মোকলেস, নূরু মোল্লা, ইশারত মিয়া, আবুল হোসেন ও মো. সিদ্দিক।
প্রায় এক মাস আগে কানাইপুরের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশের একটি কড়ইগাছ কেটে ফেলা হয়।
ওই সড়কের চুঙ্গির মোড় এলাকার দোকানদার মো. মতিন জানান, মাঝেমধ্যে এই সড়কের পাশের বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে। তিনি বলেন, যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে এ সড়কে আর গাছ থাকবে না। ওই এলাকার চায়ের দোকানদান মো. লতিফ জানান, যে কেউ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে দরজা-জানালা বানানোর কথা বলে গাছ কেটে নেওয়ার অনুমতি পেয়ে যান। কানাইপুর ইউপির চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘বদরপুর-সালথা সড়ক এলাকায় কে বা কারা গাছ কাটছে এ ব্যাপারে আমি কিছু জানি না।’
গাছ কাটার অনুমতি দেওয়ার কথা নিশ্চিত করে কৈজুরি ইউপির চেয়ারম্যান ইখতিয়ার মোহাম্মদ বলেন, ‘যেসব গাছ মরে গেছে সেই গাছগুলো কাটার আনুমতি দিই। তা ছাড়া যাঁরা গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তাঁদের বাড়িঘর নির্মাণ বা বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানের জন্যও গাছ কাটার অনুমিত দেওয়া হয়।’
এ ব্যাপারে ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা জাহিদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁরা মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।