ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ওরফে মুছাকে (৫০) একটি বিদেশি রিভলবার ও দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের পূর্ব আলীপুরস্থ খাঁপাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুরের শোবার ঘরের তোশকের নিচ থেকে পাকিস্তানে তৈরি একটি অবৈধ রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক আহম্মেদ ফিরোজ আমিনুরকে জেলা বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে নিশ্চিত করেছেন। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আমিনুর দাবি করেছেন, বৃহস্পতিবার রাতে তিনি মানিকগঞ্জ থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর ঘর থেকে উদ্ধার করা অস্ত্রটি কীভাবে সেখানে এল, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আমিনুরকে আজ শুক্রবার (গতকাল) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।