ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ ২ কারারক্ষী আটক
ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই কারারক্ষীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-০৮) মাদারীপুরের একটি দল। আটক হওয়া ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা এলাকার মিজানুর রহমান (২৬) ও বগুড়া জেলার ষোলোতলা উপজেলার শালিখা গ্রামের মো. আশরাফুল (২৭)।
আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের আটক করা হয়।
তাঁরা দুজনই ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন।
মাদারীপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক সুমন দেব বলেন, ওই দুই কারারক্ষী দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচা করে আসছিলেন। আজ এক লাখ টাকার বিনিময়ে একটি বিদেশি পিস্তল কেনার জন্য ক্রেতা সেজে র্যাব ফরিদপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তাঁদের আটক করে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী কলেজ ক্যাম্পাস থেকে অস্ত্রসহ কারারক্ষী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরিদপুর কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) জাহানারা বেগম বলেন, ওই দুই কারারক্ষীকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।