ফরিদপুরে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের চৌহাট্টা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার সাদিপুর গ্রামের মো. হেলাল উদ্দীন (২৭), সদরের বাখুণ্ডার মো. আইয়ুব বাচ্চু (২৫) ও নগরকান্দা উপজেলার বাসাগাড়ী এলাকার মো. সোবাহান (২২)।র্যাব জানায়, চৌহাট্টা গ্রামের মো. জিন্নাহ শেখের বাড়ির পূর্ব পাশে পাঁকা রাস্তার ওপর কয়েকজন লোক ছিনতাই করার জন্য জড়ো হয়েছেন—এ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলের কাছে র্যাবের দল গেলে উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় জনগণের সহায়তায় ঘেরাও করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগজিন, ধারালো ব্লেডসহ একটি ক্ষুর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে র্যাবের সিনিয়র এএসপি মো. আজবাহার আলী শেখ একটি মামলা করেছেন।