ফরিদপুরে অ্যাস্ট্রো অলিম্পিয়াড অনুষ্ঠিত
‘বিজ্ঞান হোক সকল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’—এ স্লোগানে ফরিদপুরে অনুষ্ঠিত হলো নবম অ্যাস্ট্রো অলিম্পিয়াড। বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলা শাখা গতকাল শুক্রবার ফরিদপুর উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় বিজ্ঞানভিত্তিক প্রশ্ন নিয়ে ৭৫ নম্বরের এক ঘণ্টার পরীক্ষায় ফরিদপুরের সাতটি স্কুল ও কলেজের ১৪-১৯ বছর বয়সী ৩৬৩ জন শিক্ষার্থী দুই দলে অংশ নেন।
পরে ঈশান মিলনায়তনে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক মৈত্রী বর্মণের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে অন্যদের মধ্যে আলোচনা করেন ভাঙ্গা কে এম কলেজের অধ্যক্ষ মোশায়েদ হোসেন, সরকারি ইয়াছিন কলেজের শিক্ষক ইফতেখারুল ইসলাম, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
মৈত্রী বর্মণ জানান, পরীক্ষায় স্কুল পর্যায়ে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আদৃতা খান প্রথম এবং জিলা স্কুলের সৌমিক সাহা দ্বিতীয় ও শাহ সুমন তৃতীয় হয়েছে। কলেজ পর্যায়ে সারদা সুন্দরী মহিলা কলেজের সোমা রায় প্রথম এবং রাজেন্দ্র কলেজের তারেকুজ্জামান দ্বিতীয় ও সাগর তৃতীয় হয়েছেন।