ফরিদপুরে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কুটি খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঙ্গে সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে মাঝারদিয়া বাজার এলাকায় আজিজুর রহমানের ভাতিজা ফারুক রহমানকে মারধর করেন সেলিম মাতুব্বরের সমর্থকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে মাঝারদিয়া গ্রামে দুই পক্ষের কয়েক শ লোক দেশে তৈরি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় সেলিম মাতুব্বরের ১০ জন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে নিহত কুটি খাতুন মাঝারদিয়া গ্রামের মৃত কালাম মিয়ার স্ত্রী। তাঁর মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ হোসেন বলেন, কুটি খাতুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাঝারদিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আফছারউদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বুধবার বিকেলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে আগামীকাল শুক্রবার একটি সালিস ডাকা হয়। এর আগেই আজ আবার সংঘর্ষের ঘটনা ঘটে।
সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।