ফরিদপুরে আ.লীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বাবুলকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার রাত আটটার দিকে শহরের গোয়ালচামচ এলাকায় এক নম্বর সড়কে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নূর মোহাম্মদ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি এবং মুক্তিযুদ্ধের সময় আট নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন।হামলার সময় নূর মোহাম্মদের সঙ্গে ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবোধ কুমার সরকার। তিনি প্রথম আলোকে বলেন, তাঁরা রাত আটটার দিকে রাস্তার মোড়ের একটি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। নূর মোহাম্মদের বাড়ির সামনে এলে সুপারিগাছের আড়াল থেকে মুখে গামছা বাঁধা তিন-চারজন যুবক চাপাতি ও বড় ছুরি (ছ্যান) নিয়ে তাঁদের দুজনের ওপর হামলা চালায়। এ সময় কাঁধে ব্যাগ থাকায় আঘাত থেকে বেঁচে যান প্রবোদ। তখন তিনি সরে গিয়ে চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চান। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নূর মোহাম্মদকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সন্ত্রাসীরা নূর মোহাম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।