ফরিদপুরে আ.লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার ৪
জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুলকে কুপিয়ে জখম করার প্রতিবাদে ফরিদপুরে মিছিল ও সভা হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এবং মুক্তিযুদ্ধের সময় ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বাবুলের ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।তাঁকে গত রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁর ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ১ নম্বর সড়কে অবস্থিত বাড়ির সামনে তিনজন অজ্ঞাতনামা মুখোশধারী কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।ফরিদপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে রোববার রাত সাড়ে নয়টায় মিছিল বের করা হয়। পরে জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন। রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গা রাস্তার মোড়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর আরেকটি প্রতিবাদ সভা হয়। জেলা আওয়ামী লীগ গতকাল সোমবার বিকেলে জনতা ব্যাংকের মোড়ে সভা ও মিছিল করেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, রোববার রাতেই শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো তপু, শেখ ইশারত, হানিফ ও সেলিম।