ফরিদপুরে আ.লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল সন্ত্রাসী ফরিদপুর শহরে আওয়ামী লীগের এক নেতাকে মারধর ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে। চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় শনিবার এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের ওই নেতার নাম মো. ফজলুর রহমান। তিনি কোতোয়ালি আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় ছয়জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। আসামিরা হচ্ছেন চর টেপাখোলা মৃধাডাঙ্গী এলাকার আসাদুজ্জামান (৪০), মন্টু (৩২), হানিফ (২৫), শহীদ (২৫), ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের লিয়াকত (৩৫) ও পালডাঙ্গী গ্রামের বাবু (১৯)।আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান অভিযোগ করে বলেন, ‘ছয়জন সন্ত্রাসী শনিবার বেলা ১১টায় ফরিদপুর ধলার মোড় এলাকায় অবস্থিত আমার ব্যবসাপ্রতিষ্ঠান শাওন ট্রেডার্সে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠানের চেয়ার ভাঙচুর করে এবং আমাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার পকেট থেকে এক লাখ ছয় হাজার টাকা এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।’ ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি।’অভিযুক্ত আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। আমি শুনেছি ফজলু ধলার মোড়ের ঘাট ইজারা দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছিল। সে টাকার ব্যাপারে কথা বলতেই পোলাপানরা সেখানে গিয়েছিল।’