ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া এবং গোট্টি ইউনিয়নে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত ও ৪০ জন আহত হয়েছেন। মাঝারদিয়ায় সংঘর্ষের সময় ৮-১০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে সংঘর্ষের সময় পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে কাঁদানে গ্যাসের ১২টি শেল ও ৫১টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মাঝারদিয়া বাজার এলাকায় আজিজুর রহমানের ভাতিজা ফারুখ রহমানকে মারধর করেন সেলিম মাতব্বরের সমর্থকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে মাঝারদিয়া গ্রামে দুই পক্ষের কয়েক শ সমর্থক ঢাল, রামদা, সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষের সময় কুটি খাতুন নামের (৫০) এক নারীসহ ৩০ জন আহত হন।
আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ হোসেন বলেন, কুটি খাতুনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুটি খাতুন মাঝারদিয়া গ্রামের মৃত কালাম মিয়ার স্ত্রী।
সংঘর্ষের সময় সেলিম মাতব্বরের ১০ জন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঝারদিয়া ইউপির চেয়ারম্যান মো. আফছারউদ্দিন বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
গত বুধবার বিকেলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, সংঘর্ষ থামাতে লাঠিপেটা ছাড়াও কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়া হয়েছে।
এদিকে একই উপজেলার গোট্টি ইউনিয়নে বৃহস্পতিবার রাতে গোট্টি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল মতিন পক্ষের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতব্বর পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।