ফরিদপুরে আ.লীগের দুই বিদ্রোহী অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেদায়েতউল্লাহ ও মনিরুজ্জামান
হেদায়েতউল্লাহ ও মনিরুজ্জামান

ফরিদপুরের দুটি আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েতউল্লাহ সাকলাইন এবং ফরিদপুর-১ আসনে বোয়ালমারী কৃষক লীগের একাংশের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা।

দুই প্রার্থীই মনে করেন, দলের মনোনীত প্রার্থীরা উপযুক্ত ও গ্রহণযোগ্য না হওয়ায় দলের স্বার্থে এবং দলকে বাঁচাতে প্রার্থী হয়েছেন তাঁরা। গত বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এই দুই প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

ভাঙ্গা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ছাড়া এলাকা নিয়ে গঠিত ফরিদপুর-৪ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। বিদ্রোহী প্রার্থী হেদায়েতউল্লাহ সাকলাইন তাঁর প্রার্থী হওয়ার যৌক্তিকতা সম্পর্কে প্রথম আলোকে বলেন, এই আসনে দলকে বাঁচাতে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর মতে, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কাজী জাফরউল্লাহর অসদাচারণ, দূরত্বসহ বিভিন্ন কারণে এ এলাকার জনগণ তাঁর জায়গায় অন্য কাউকে নৌকার মাঝি বানাতে চান। তৃণমূল নেতা-কর্মীদের এই আকাঙ্ক্ষার কারণেই প্রার্থী হয়েছেন তিনি।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হলে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে মর্মে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে হেদায়েতউল্লাহ বলেন, ‘এক বছর আগে আমাকে ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করেছেন কাজী জাফরউল্লাহ। কেন্দ্র এ সিদ্ধান্ত অনুমোদন করেনি। উনি তো (কাজী জাফরউল্লাহ) আমাকে বহিষ্কার করেই ফেলেছেন। তাহলে আমার আর প্রার্থী হতে বাধা কী?’

কাজী জাফরউল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ভাঙ্গা উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়। তাঁদের অবৈধ কর্মকাণ্ডের জন্য তিনিসহ দল ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাঁদের বহিষ্কারের পর দল শক্তিশালী হয়েছে এবং তৃণমূলের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়েছেন।

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ওরফে বুলবুল। এ আসনের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান ওরফে লিটন মৃধা বলেন, দল যাঁকে মনোনয়ন দিয়েছে, তিনি এই এলাকার রাজনীতি ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত নন। এই এলাকা নৌকার ঘাঁটি যেমন সত্য, তেমনি প্রার্থীর গ্রহণযোগ্যতাও একটা বিষয়। গত ইউপি ও পৌর নির্বাচনে প্রার্থী বাছাই যথাযথ না হওয়ায় অনেক দলীয় প্রার্থী পরাজিত হয়েছেন। ভোটে জিততে হলে জনগণের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হয়।

বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কারের দলীয় ঘোষণা সম্পর্কে তিনি ভীত নন বলে দাবি করেন। তবে নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মানতে রাজি নন তিনি। তিনি বলেন, ‘যাঁরা রাজনীতি করেন, যাঁরা বিপদে–আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আমি তাঁদের প্রতিনিধি। আমি বিদ্রোহী হব কেন? আমিই আওয়ামী লীগের মূল প্রার্থী।’

আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুর হোসেন বলেন, ‘আমি এলাকায় অপরিচিত বা গণসংযোগ করিনি, এ বক্তব্য মোটেও সঠিক নয়। তা ছাড়া গণসংযোগের সময় এখনো শেষ হয়ে যায়নি। প্রতিটি বাড়িতে যেতে না পারলেও প্রতিটি গ্রামে আমি যেতে পারব। সর্বোপরি কথা হলো, এই এলাকা নৌকার এলাকা।’

ফরিদপুরের চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৪০ জন। এর মধ্যে ১৫ জন স্বতন্ত্র। স্বতন্ত্রদের মধ্যে উপরোক্ত দুজন ছাড়াও উল্লেখযোগ্য দলীয় পদধারী রয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসাহাক মিয়া। তাঁরা দুজন ফরিদপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।