ফরিদপুরে আ.লীগের নেতা পেটালেন এক তরুণকে
গাছ কাটার অভিযোগে এক তরুণকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই তরুণকে বাঁচাতে এসে তাঁর বোন ও চাচাও তাঁর পিটুনির শিকার হন। গত বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক খন্দকার অহিদুল বারী। জানা গেছে, গত বুধবার সকালে চরযশোরদী ইউনিয়নের বাসিন্দা বানেশ্বরদী গ্রামের খালেক শেখের ছেলে রমজান শেখ (১৯) বাড়ি থেকে মহারাজপুর বাজারে যাওয়ার পথে ইউপি চেয়ারম্যান খন্দকার অহিদুল বারী তাঁর দুই ভাই জামাল খন্দকার ও আকতু খন্দকারকে নিয়ে ওই তরুণের গতিরোধ করেন। পরে চেয়ারম্যান ও তাঁর ভায়রা মিলে রমজানকে গাছ কাটার অভিযোগে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর বোন মিনা বেগম (২৩) এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। ভাইবোনকে মারধরের খবর পেয়ে রমজানের চাচা সিদ্দিক শেখ (৬০) এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। আহত রমজান শেখ বর্তমানে গোপালগঞ্জের উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। মারধর করার অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার অহিদুল বারী।