ফরিদপুরে আ.লীগের নেতা হাসিবুল হাসান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা হাসিবুল হাসান লাবলু গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। গতকাল বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জানাজা শেষে সন্ধ্যায় শহরের আলীপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকার আগারগাঁও এলাকায় ফরিদপুর যুবলীগের নেতা শাহরিয়ার লস্করের বাড়িতে তিনি হূদরোগে আক্রান্ত হন। ঢাকার ন্যাশন্যাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। হাসিবুল হাসান ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরে শোকের ছায়া নেমে আসে। বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীরা তাঁর বাড়িতে ভিড় করতে থাকেন। রোববার দিবাগত রাত একটা ১৭ মিনিটে তাঁর মরদেহ ঢাকা থেকে ফরিদপুর শহরের আলীপুরের বাসভবনে পৌঁছায়। পরে রাত তিনটা ১০ মিনিটে মরদেহ ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে রাখা হয়। গতকাল সকাল নয়টায় লাবলুর মরদেহ তাঁর বাসভবনে আনা হয়। বেলা দুইটায় তাঁর বাড়ি থেকে বের হয় শোকযাত্রা। উদয়ন ক্লাব, নতুন বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা আওয়ামী লীগের কার্যালয় হয়ে ফরিদপুর পৌরসভা, সেখান থেকে তাঁকে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে নেওয়া হয়। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সেখানেই প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। গতকাল দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ফরিদপুরের সব রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের গোলপুকুর মোড় এলাকার দোকানপাট, হাজী শরীয়তুল্লাহ্ বাজার, নীলটুলি বাণিজ্যিক কেন্দ্র দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হয়। হাসিবুল হাসানের মৃত্যুর খবর পেয়ে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তাঁকে দেখতে হাসপাতালে যান। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে। হাসিবুল হাসান লাবলুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।