ফরিদপুরে আওয়ামী লীগ নেতার তিন সহযোগীর দণ্ড
ফরিদপুরে আওয়ামী লীগের এক নেতার তিন সহযোগীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা গতকাল বুধবার দুপুরে এই সাজা দেন৷
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের লোকমান চৌধুরী (৫০), লাবলু মোল্লা (১৮) ও পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের আজগর আলী (৩২)৷ লোকমান ও লাবলুকে এক মাস ও আজগরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে৷
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ওই তিন ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ ময়েনদিয়া বাজার থেকে পুলিশ আটক করে৷ পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা চালানোর অপরাধে তাঁদের দণ্ড দিয়ে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়৷ তাঁরা পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শেখপাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিক মাতুব্বরের অনুসারী৷ গত মঙ্গলবার ইউনিয়নের ময়েনদিয়া বাজারে সিদ্দিক মাতুব্বর তাঁর সহযোগীদের নিয়ে দুই পাট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন৷