ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতিতে ‘ভাটা’
ফরিদপুর সদর উপজেলার চণ্ডীপুর-শিবরামপুর এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের পারিবারিক মালিকানাধীন একটি ইটভাটা নিয়ে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে। ইটভাটা বন্ধের দাবি জানিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক ও শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। সর্বশেষ ওই ইটভাটার জায়গায় আদালত স্থিতাবস্থা জারি করেছেন। তবে দ্বিধাবিভক্ত ফরিদপুর আওয়ামী লীগের একাংশের নেতা বিপুল ঘোষ তাঁর পারিবারিক মালিকানাধীন ইটভাটা নিয়ে চক্রান্ত করার অভিযোগ এনেছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে।জানা গেছে, গত বছর ওই এলাকায় পরশ মনি ব্রিক্স (পিএমবি) নামের ইটভাটাটি চালু হয়। প্রায় সাত একর জমির ওপর রেললাইনের পাশের খাদে ভাটাটি তৈরি করা হয়। ভাটার জমির উল্লেখযোগ্য অংশ এলাকাবাসীর কাছ থেকে জোর করে দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বছর পুনরায় ইট পোড়ানোর প্রক্রিয়া শুরু হলে এলাকাবাসী এর প্রতিবাদ জানায়।স্থানীয় বাসিন্দা মো. সেলু খাঁ জানান, শুরু থেকেই তাঁরা এ ভাটার বিরোধিতা করেছেন। ইটভাটাটি যে স্থানে করা হয়েছে সেখান দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হয়। ইটভাটার কারণে পানি বের হতে না পারায় আশপাশের কয়েক শ একর জমির ফসল পচে গেছে। ইটভাটা করার জন্য এলাকার লোকদের জমি জবরদস্তি করে দখল করা হয়েছে।গত রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ইউএনও কে এম কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও ভাটার মালিকের বক্তব্য শোনেন। বেলা ১২টার দিকে তিনি ফিরে আসার সঙ্গে সঙ্গে অভিযোগকারী ব্যক্তিদের ওপর ইটভাটার মালিকের লোকজন হামলা চালান। এতে ছয়জন আহত হন।প্রত্যক্ষদর্শী মো. সরোয়ার হোসেন জানান, ইউএনও তদন্ত কাজ শেষ করে চলে যাওয়ার পর পরই ইটভাটার মালিকের ভাতিজা চঞ্চল ঘোষ তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়া বাবর আলীকে (৭০) মারধর করেন। ভাটার মালিকের পক্ষে প্রায় ৩০ জন লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ সময় বাবর আলীসহ গ্রামের পাঁচ ব্যক্তি ও চঞ্চল ঘোষ (৫৫) আহত হন।ইউএনও জানান, ভাটাটির জন্য জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর অনুমতি দেয়নি। ভাটার মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ‘এলাকাবাসীর এ প্রতিবাদের পেছনে ইন্ধন রয়েছে শ্রমমন্ত্রীর।’ সাংবাদিকদের কাছে এ ভাবেই অভিযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ। ভাটার কিছু জমি নিয়ে বিরোধ আছে স্বীকার করে তিনি বলেন, ‘এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন। মামলাটি নিষ্পত্তি হওয়ার আগে শ্রমমন্ত্রী আমার বিরোধীদের সঙ্গে যোগ দিয়ে জমি থেকে আমাকে উৎখাতের চক্রান্ত করছেন।’ তিনি দাবি করেন, ‘আমার ভাতিজারা নয়, গ্রামবাসীই এ হামলা চালিয়ে আমার এক ভাতিজাকে আহত করেছে।’অভিযোগ প্রসঙ্গে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জনপ্রতিনিধি, নির্বাচিত সাংসদ। ওই এলাকার লোকজন আমার কাছে এসে অভিযোগ করায় আমি প্রশাসনকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছি। বিপুল ঘোষের সঙ্গে আমার কোনো রাজনৈতিক বিরোধ নেই। উনি তো আওয়ামী লীগেরই নেতা। আমি কেন তাঁর বিরোধিতা করব? তবে বিরোধিতা করব না মানে এই নয় যে আমি তাঁর অন্যায় কাজেও সমর্থন দেব।’ ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গত রোববার গ্রামবাসীকে মারপিটের ঘটনায় আহত বাবর আলীর স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে বিপুল ঘোষের ভাতিজা বিশ্বজিৎ ও চঞ্চলসহ ছয়জনের নাম উল্লেখ করে মারামারি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজহারভুক্ত আসামি দিপু সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।সর্বশেষ গত মঙ্গলবার বিপুল ঘোষের ভাই বিনয়ভূষণ ঘোষ ও ভাতিজা বিশ্বজিৎ ঘোষ ফরিদপুরের সহকারী জজ আদালতে ইটভাটা ভেঙে ফেলার জন্য ইউএনও মৌখিক হুমকি দিয়েছেন—এমন অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। বিচারক আবু তাহের মামলাটি আমলে নিয়ে ইটভাটার জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি ফরিদপুরের জেলা প্রশাসক, ইউএনও ও ফরিদপুর সদরের সহকারী কমিশনারকে (ভূমি) সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।