ফরিদপুরে আগুনে পুড়ে গেছে ১৯টি ঘর, আহত ১
ফরিদপুরের সালথা, আলফাডাঙ্গা ও সদর উপজেলায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ১৯টি ঘর পুড়ে গেছে। সালথায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ আহত হন। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর পুড়ে গেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে নাজমুল মাতুব্বরের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নাজমুল, খায়ের, সরুজ, আকতার, মজিবর ও মোশাররফ মাতুব্বরের নয়টি বসতবাড়ি পুড়ে যায়। এ সময় ওই গ্রামের মনোয়ারা বেগম নামের (৫০) এক গৃহবধূ অগ্নিদগ্ধ হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা গ্রামে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বেলা দুইটার দিকে সদরের কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের আনু মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসত ও একটি রান্নাঘর পুড়ে গেছে।