ফরিদপুরে আচরণবিধি লঙ্ঘন করে চলছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রার্থী। এর মধ্যে ফরিদপুর-২ আসনে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ভোট চাওয়া হচ্ছে। ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বঙ্গবন্ধুর দৌহিত্র মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী গতকাল শনিবার এলাকায় পথসভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সকালে দেখা যায়, নগরকান্দা-তালমা আঞ্চলিক সড়কের ঘোজার মোড় এলাকায় ব্যানার টাঙিয়েছেন তালমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সহিদ মিয়া। তিনি ওই ব্যানারে সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মানিকনগর সেতুর ঢালে পাশাপাশি দুটি গাছের সঙ্গে ১০ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের আরেকটি ব্যানার টাঙানো হয়েছে। এই ব্যানারে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তালমা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মীর সহিদুজ্জামান। তিনি দাবি করেন, ‘আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম আমার নামে কে বা কারা ব্যানার টাঙিয়েছে। আমি তা দেখিওনি।’
নির্বাচনী আচরণবিধির ১২ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। একই বিধির সাত নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ব্যানারের মাপ দৈর্ঘ্যে নয় ফুট ও প্রস্থে তিন ফুটের অধিক হতে পারবে না। ব্যানারে প্রার্থী তাঁর প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না। কিন্তু উল্লিখিত ব্যানার দুটিতে সাজেদা চৌধুরীর ছবি ও নৌকা প্রতীক ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এবং সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের ছবি ব্যবহার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন আকন্দ বলেন, ‘আমি অনতিবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেব।’
মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী গতকাল সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা, জামতলা, জয় বাংলার হাট, চাঁদপুর বাজার, ভাষাণচর ইউনিয়নের চৌরাস্তার মোড়, কারিরহাট, নতুন বাজার, আকটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজার, কালিখোলা বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে চরবিষ্ণুপুর ইউনিয়নের বঙ্গবাজারে মুক্তিযোদ্ধা গফুর মোল্লার সভাপতিত্বে ও বিকেলে আকটেরচর ইউনিয়নের মোসলেম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোয়াজ্জেম বেপারীর সভাপতিত্বে পৃথক দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মজিবুর রহমান চৌধুরী ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদরপুরের ইউএনও লোকমান হোসেন জানান, মজিবুর রহমান আচরণবিধি লঙ্ঘন করেছেন কি না তা যাচাই করে দেখা হবে। মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।