ফরিদপুরে আজাদের শোভাযাত্রায় পুলিশের লাঠিপেটা, আহত ১০
ফরিদপুর শহরের জেলা কারাগার ও পৌরসভার সামনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদের মোটরসাইকেলের শোভাযাত্রায় লাঠিপেটা করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাফিক আইন না মানায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে। এ কে আজাদ শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চর টেপাখোলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর সদরের চর এলাকার পাঁচটি ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শতাধিক মোটরসাইকেলের বহরটি আজাদের সংবর্ধনাস্থল শহরের চর টেপাখোলা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে যাওয়ার পথে ফরিদপুর পৌরসভার সামনে পুলিশের বাধার সম্মুখীন হয়। বহরটি বাধা অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এ ঘটনায় ১০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে হামালার তীব্র নিন্দা জানিয়ে এ কে আজাদ জানান, প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘গত সাধারণ নির্বাচনের আগে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, “প্রতিটি নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে দাঁড়িয়ে বেয়াই (খন্দকার মোশাররফ হোসেন) হেরে যান। এবার তোমরা একটু দেখো।” আমি শেখ হাসিনার নির্দেশমতো আমার হা-মীম গ্রুপের ২০ হাজার কর্মী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিই। তিনি বিজয়ী হন। সে কাজের পুরস্কার পেলাম লাঠিপেটা আর রক্তবন্যার মধ্য দিয়ে।’
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাকে ইঙ্গিত করে আজাদ যে কথা বলছেন, তা দুঃখজনক ও কল্পনাপ্রসূত। আমার বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। এ ঘটনা শোনার পর আমি পুলিশ সুপারকে চার্জ করেছি। তিনি (পুলিশ সুপার) বলেন, “ঈদের এক দিন পর একে আজাদকে মোটরসাইকেল শোভাযাত্রা করতে বলেছিলাম। তিনি (আজাদ) রাজিও হয়েছিলেন। তার পরও মোটরসাইকেল শোভাযাত্রা করায় আমরা (পুলিশ) বাধা দিই ও লাঠিপেটা করি।”’
এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, ট্রাফিক আইন না মানায় শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানে আমি যাতে যোগ না দিই, সে জন্য ফোনে মানা করা হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘পুলিশ কার নির্দেশে আজাদের বহরে হামলা করে লাঠিপেটা করেছে, তা আমি পুলিশ সুপারের কাছে জানতে চাই।’
শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পুলিশ কেন আজাদকে বাধা দিল, তা জানতে চাই।’ তিনি আরও বলেন, ‘আজাদের সংবর্ধনা যাতে সফল হয়, এ জন্য আমাদের নেতা কামাল ইউসুফ (সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান) আমাদের নির্দেশ দিয়েছিলেন।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ আলী মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেন, মিনিবাস মালিক সমিতির শাহ আলম, যুবদলের সভাপতি আফজল হোসেন, ডিক্রিরচর ইউপির চেয়ারম্যান সাদেকুজ্জামান, অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী প্রমুখ।