ফরিদপুরে আঞ্চলিক গণিত উৎসব আজ
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসব আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন স্কুল ও কলেজের আট শর বেশি পরীক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেবে।
ফরিদপুর উচ্চবিদ্যালয় চত্বরে সকাল নয়টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় গণিত উৎসব এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা তুলবেন যথাক্রমে ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং ডাচ্-বাংলা ব্যাংক ফরিদপুরের শাখা ব্যবস্থাপক এম ডি সহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পর থাকবে প্রশ্ন-উত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠান। এদিনই ফরিদপুর আঞ্চলিক উৎসবের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে।