ফরিদপুরে আদালত কক্ষে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে নথিপত্র
ফরিদপুর জজ কোর্টে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি আদালতের নথিপত্রসহ মূল্যবান সামগ্রী ও একটি এজলাস পুড়ে গেছে। আদালতের কর্মচারী (ফরাশ) মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ভোর সোয়া ছয়টার দিকে তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের দরজা খুলে ভেতরে আগুন দেখতে পান। পরে বিষয়টি আদালতের কোষাধ্যক্ষকে জানান।ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক আকবর হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সকাল সোয়া ছয়টার দিকে ফোন পেয়ে আমরা আদালত প্রাঙ্গণে যাই। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি।’ ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, আগুনে চেয়ার, টেবিল, আলমারি, আসবাবপত্রসহ যুগ্ম জেলা জজ আদালত এক ও দুইয়ের যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি এজলাস পুড়ে গেছে। আণ্ডনের কারণ আনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে অতিরিক্ত জেলা জজ জাকিয়া পারভিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. রাফিজুল ইসলাম ও যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মো. জাকির হোসেন।