ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রে মানবেতর জীবনযাপন
‘বৃষ্টি নামলে ঘরের ভিতর-বাইর কাদায় ভরে যায়। এর মধ্যে দুই বাচ্চারে নিয়া পইড়া থাকি। এত বাঁইচা থাকা না, মরার মতো পইড়া থাকা।’ হতাশার সুরে কথাগুলো বলেন সবিরুন্নেসা বেগম (৬০)। তিনি ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তুলাগ্রাম আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা।
কৈজুরি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হায়দার শেখ বলেন, দুই বছর আগে অগ্নিকাণ্ডে এই আশ্রয়ণকেন্দ্রের সব ঘর পুড়ে যায়। এরপর সরকারিভাবে ঘরগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত ২১ জুলাই সরেজমিনে ওই আশ্রয়ণকেন্দ্রে দেখা গেছে, নামেই এটি আশ্রয়ণকেন্দ্র। সেখানে বসবাসের কোনো পরিবেশ নেই। পোড়া টিন দিয়ে পরিবারগুলো একটি করে ঘর তৈরি করেছে। সেই ঘরেই তাদের রান্নাবাড়া ও বসবাস; গবাদিপশুর থাকার ব্যবস্থাও একই ঘরে। আশ্রয়ণকেন্দ্রে মানবেতর দিন কাটাচ্ছে ১০টি পরিবারের ৩৫ জন লোক।
আশ্রয়ণকেন্দ্রের বাসিন্দা ও স্থানীয় কয়েকজন সূত্রে জানা যায়, ২০০০ সালে ৬০ শতাংশ খাসজমির ওপর এই আশ্রয়ণকেন্দ্র নির্মাণ করা হয়। সেখানে প্রতিটি পরিবারকে ছয় শতাংশ করে জমি দেওয়া হয়। সরকারিভাবে নির্মাণ করে দেওয়া হয় টিনের ১০টি ঘর।
কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ বলেন, আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক একটি প্রকল্প। দুই বছর আগে ঘরগুলো আগুনে পুড়ে যায়। স্থানীয়ভাবে কিছু অর্থ জোগাড় করে জোড়াতালি দিয়ে কোনোমতে তাদের মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম কামরুজ্জামান গতকাল মঙ্গলবার বলেন, ‘আশ্রয়ণকেন্দ্রের পুড়ে যাওয়া ঘরগুলো পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে সাত মাস আগে প্রধানমন্ত্রীর সচিবালয়ে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছিল। প্রকল্পটি অনুমোদনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’