ফরিদপুরে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে সলেমান শেখ নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ আওয়ামী লীগের ওই নেতাসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আওয়ামী লীগ নেতা আমীর হোসন, জমির হোসেন, শাহীন ব্যাপারী, সবেদ আলী ও আছাদ মাতুব্বর। পুলিশ গোট্টি ইউনিয়নের বালিয়া গোট্টি গ্রামে অভিযান চালিয়ে সলেমানকে গ্রেপ্তার করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সালথা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে গোট্টি ইউনিয়নের বালিয়া গোট্টি গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি সলেমানকে গ্রেপ্তার করেন। হাতকড়া পরিয়ে বালিয়া বাজারে আনা হলে গোট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমীর হোসেনসহ ১৪-১৫ জন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নেন।
এ ব্যাপারে পুলিশের এএসআই মোশাররফ হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই সরকারি কাজে বাধা ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে সালথা থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফসার উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।