ফরিদপুরে ইউনিপেটুইউর দুই এজেন্টকে জরিমানা
দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদপুরের কিছুসংখ্যক মানুষও অল্প সময়ে ধনী হওয়ার স্বপ্ন দেখছেন। এ অলীক স্বপ্ন দেখাচ্ছে বহুল আলোচিত বহু স্তর বাজারজাতকরণ প্রতিষ্ঠান (মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি) ইউনিপেটুইউ। ১০ মাসে বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হবে এবং ১২০ শতাংশ সুদ দেওয়ার লোভনীয় প্রস্তাব পেয়ে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন এ প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টদের হাতে নিজেদের কষ্টের টাকা তুলে দিচ্ছেন।গত সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর শহরে মাইকিং করে স্থানীয় লোকজনকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ইউনিপেটুইউর কয়েকজন এজেন্ট জানান, গত বছরের ১১ অক্টোবর থেকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকার সামসুদ্দীন টাওয়ারের পাঁচতলায় এ প্রতিষ্ঠানের এজেন্টরা কার্যালয় খুলে কার্যক্রম চালাতেন। ফরিদপুর থেকে ইতিমধ্যে প্রায় এক হাজার গ্রাহক ওই প্রতিষ্ঠানের একটি ব্যাংক হিসাবে ২৫ কোটি টাকা জমা দিয়েছেন। এখানে টাকা জমা দেওয়ার পর একজন বিনিয়োগকারী এ প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। তবে তাঁকে এ জন্য অন্য কাউকে দিয়ে এ প্রতিষ্ঠানের যেকোনো প্যাকেজের বিপরীতে টাকা জমা দেওয়াতে হবে। এ জন্য তাঁকে জমা দেওয়া টাকার শতকরা ১০ ভাগ মুনাফা দেওয়া হবে। তাই টাকা জমা দিয়েই অনেকেই এজেন্ট হয়ে যাচ্ছেন। এসব এজেন্ট লোক সংগ্রহের জন্য মাইক্রোবাস ভাড়া করে জেলার প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছেন। এখানে ২১ হাজার থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র মিলন হোসেন বলেন, ‘আমি আমার জমানো টাকা কাজে খাটিয়েছি, ১০ মাসে টাকা দ্বিগুণ হবে এ ভরসায়। প্রতি মাসেই টাকার বিপরীতে মুনাফা পাওয়ার কথা। কিন্তু এখনো মুনাফা পাইনি।’৭ অক্টোবর সামসুদ্দীন টাওয়ারের পাঁচতলায় ইউনিপেটুইউর এজেন্টদের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্টেট তারিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় আদালত ওই প্রতিষ্ঠানের দুই এজেন্ট শহরের চরকমলাপুর এলাকার মো. কামরুল হাসান (২৬) ও সদরপুর উপজেলার শৈলডুবি এলাকার মিজানুর রহমানকে (২৫) ৫০ হাজার টাকা করে জরিমানা করেন ও জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেন। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিলাল হোসেন জানান, ১০ মাসে দ্বিগুণ টাকা এটি অর্থনীতির কোনো নীতিমালার মধ্যে পড়ে না। এ প্রক্রিয়া অর্থনীতির জন্য অশুভ। ইউনিপেটুইউ সম্প্রতি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলেছে, বাংলাদেশ ব্যাংক গত ১৩ মে তাদের নয়টি ও গ্রাহকদের ১১০টি হিসাব বন্ধ করে দিলেও ১৩ জুন ব্যবসা পরিচালনার স্বার্থে একটি হিসাব খুলে দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করে। দুদক ৬ জুলাই একটি হিসাব বাদে বাকিগুলো আদালতে আবেদনের মাধ্যমে জব্দ করে। ২৬ জুলাই আপিল বিভাগ স্থগিতাদেশ দিলে সেগুলো পুনরায় চালু করার অনুমতি পায় ইউনিপেটুইউ।