ফরিদপুরে ইউপি সচিব ও কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) গুদামের আড়ার সঙ্গে গতকাল শুক্রবার পরিষদের সচিব বাসুদেব দাসের (৪০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ এর আগের দিন সন্ধ্যায় শহরের মুন্সিরডাঙ্গি এলাকায় পদ্মা নদী থেকে রবিউল ব্যাপারী (১৭) নামের এক শ্রমিকের লাশ করা হয়৷
দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা করা হলেও স্বজনদের অভিযোগ, তাঁদের হত্যা করা হয়েছে৷
যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবদুর রব মোল্লা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে বাসুদেব দাসের স্ত্রী কাকলী দাস স্বামীর জন্য খাবার নিয়ে ইউপি ভবনে আসেন। কাকলী সচিবের নির্ধারিত কক্ষে না পেয়ে বিভিন্ন কক্ষে খুঁজতে থাকেন৷ একপর্যায়ে গুদাম ঘরের আড়ার সঙ্গে বাসুদেবের ঝুলন্ত লাশ দেখতে পান। এলাকাবাসীর সহায়তায় মৃতদেহটি নিচে নামানো হয়৷
তবে কাকলী দাস প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী আত্মহত্যা করতে পারেন না৷ তিনি লাশ হাঁটু ভাঙা অবস্থায় মাটির সঙ্গে লাগানো অবস্থায় দেখতে পেয়েছেন৷ তাঁর স্বামীকে কেউ হত্যা করে লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে৷
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, ইউপি সচিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে৷ প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷
বাসুদেব দাসের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়৷ তিনি ১৭ বছর ধরে ইউপি সচিবের দায়িত্ব পালন করছেন৷ পাশাপাশি তিনি পাটের ব্যবসা করতেন৷
নিহত রবিউল ব্যাপারী ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মুসা ব্যাপারীর ছেলে। রবিউল ঠিকাদার আলম ঠাকুরের অধীনে শহরের মুন্সিরডাঙ্গি এলাকায় পদ্মা নদীর পাড়ে একটি নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন৷
ঠিকাদারের সহযোগী মো. লিটন হোসেন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দিনের বিল দেওয়ার সময় রবিউলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পদ্মা নদীতে রবিউলের লাশ পাওয়া যায়৷
মুসা ব্যাপারী বলেন, তাঁর ছেলে ভালো সাঁতার জানতেন৷ তিনি নদীতে ডুবে মরতে পারেন না৷ তিনি অভিযোগ করেন, ওই ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন তাঁদের প্রতিবেশী মো. সেকেনের ছেলে আকরাম (২৮) ও সোহেল (১৮)। জমি নিয়ে সেকেনদের সঙ্গে তাঁদের বিরোধ চলছে৷ এর জের ধরে আকরাম ও সোহেল তাঁর ছেলেকে পানিতে চুবিয়ে ও গলা টিপে হত্যা করেছেন৷ আর ঘটনার পর থেকেই সোহেল ও আকরাম ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন৷