ফরিদপুরে ইজতেমা শুরু কাল
ফরিদপুরে ৫ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আহলে শুরা ফরিদপুর মার্কাজ মসজিদের তত্ত্বাবধানে এই জেলায় প্রথমবারের মতো এই ইজতেমার আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি জোহরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম এবং ৭ জানুয়ারি শনিবার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ বুধবার সকাল থেকেই দূর-দূরান্তের মুসল্লিরা ইজতেমার মাঠে আসতে শুরু করবেন।
ফরিদপুর সদরের আদমপুর এলাকায় কুমার নদের পাড়ে ৭০ একর জমির ওপর এ ইজতেমা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সঙ্গে ফরিদপুর জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর, ফরিদপুর পৌরসভা ও ফরিদপুর উপজেলা পরিষদ কাজ করবে। পাঁচ শতাধিক ব্যক্তি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমার মাঠ প্রস্তুত করতে কাজ করে যাচ্ছেন। এ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্য ও ১ হাজার ১০০ ফুট প্রস্থের একটি প্যান্ডেল। এ প্যান্ডেলে ৭০ হাজার লোক অবস্থান করতে পারবেন।