ফরিদপুরে উচ্ছেদ আতঙ্কে ৭৩টি ভূমিহীন পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৭৩টি ভূমিহীন পরিবার উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রায় তিন একর খাসজমিতে তারা প্রায় ৪০ বছর ধরে বসবাস করে এলেও গত ফেব্রুয়ারিতে ওই জমি তিনজনকে ইজারা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৯৫৯-৬০ সালে উপজেলার চুমুরদি বাবলাতলা নতুন হাটের দক্ষিণে কুমার নদসংলগ্ন ওই জমি অধিগ্রহণ করে। পরবর্তী সময়ে সেখানে ৭৩টি ভূমিহীন পরিবার বসতি স্থাপন করে। ৭৮টি ঘর ছাড়াও সেখানে রয়েছে একটি মসজিদ, একটি কালীমন্দির ও একটি বিদ্যালয়।ওই এলাকার বাসিন্দা আনোয়ারউদ্দীন মোল্লা জানান, পাউবো থেকে মার্চ থেকে গত ৩০ এপ্রিল পর্যন্ত তিন দফা নোটিশ দিয়ে ভূমিহীনদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাউবো সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ওই জমি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ও গুড টাইম কনসালটেন্সির চেয়ারম্যান ইসমত কাদীর গামা, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান মিয়া ও ঢাকার মিরপুর এলাকার দেলোয়ার হোসেনের নামে ওই জমি ইজারা দেওয়া হয়। দেলোয়ার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাই।ভূমিহীনদের অভিযোগ, পাউবোর কর্মকর্তারা উৎকোচের বিনিময়ে ওই জমি ইজারা দিয়েছেন। ওই জমি ইজারা দেওয়ার দাবিতে গত ২২ মার্চ ভূমিহীনদের পক্ষে কবির মাতব্বর পাউবোর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেন। আবেদনে সুপারিশ করেছেন স্থানীয় সাংসদ নিলুফার জাফর উল্লাহসহ কয়েকজন জনপ্রতিনিধি।আসাদুজ্জামান মিয়া জানান, আইন মেনেই তাঁরা ওই জমি ইজারা নিয়েছেন। পাউবোর ভাঙা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী (এসও) জহিরুল হক জানান, কৃষি কাজের জন্য তাঁদের প্রতি বছর নবায়নযোগ্য ওই জমি ইজারা দেওয়া হয়েছে। নিয়ম মেনেই এটা করা হয়েছে, এতে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি।