ফরিদপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুটি মামলায় ফরিদপুর সদর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ফরিদপুরের এক নম্বর বিচারিক আদালতের হাকিম আবদুল্লাহ আল মাসুদ এ আদেশ দেন।
হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি বেনজির। সেই মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূইয়া প্রথম আলোকে বলেন, গত ৩০ নভেম্বর নির্বাচনবিরোধী আন্দোলন চলাকালে ফরিদপুর সদরের আদমপুরে বোমা বিস্ফোরণে জিল্লুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় ২ ডিসেম্বর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদ আলী বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। ওই মামলার বেনজির অভিযোগপত্রভুক্ত আসামি।
এদিকে বেনজিরের জামিন বাতিল হওয়ায় বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও স্বাধীনতা চত্বরে সমাবেশ করেছে বিএনপি-সমর্থিত বিভিন্ন সহযোগী সংগঠন। সমাবেশ থেকে অবিলম্বে বেনজিরকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি পালন করার হুমকি দেওয়া হয়।