ফরিদপুরে এক বিদ্যালয়ের ২১ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের শিবরামপুর আরডি একাডেমির ২১ ছাত্রী স্কুলে অসুস্থ হয়ে পড়ায় তাদের সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্কুল চলাকালে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, টিফিন ক্লাসের বিরতির পর বেলা সোয়া তিনটার দিকে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৌসুমি আক্তার শ্বাসকষ্টসহ নিশ্বাস নিতে পারছিল না। পরে একে একে সপ্তম, অষ্টম শ্রেণির ছাত্রীসহ মোট ২১ জন অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, ‘বর্তমানে সপ্তম শ্রেণির ১৯ জন এবং ষষ্ঠ ও অষ্টম শ্রেণির একজন করে মোট ২১ জন ছাত্রী চিকিৎসাধীন রয়েছে।’
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. রায়হানউদ্দিন বলেন, ভয়ের কারণে এ ধরনের মনস্তাত্ত্বিক রোগ দেখা দিয়েছে। একজনের দেখাদেখি অন্যরাও অসুস্থ হয়ে পড়েছে। তবে শিক্ষার্থীরা সবাই আশঙ্কামুক্ত।