ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে ভাঙচুর, অগ্নিসংযোগ
ফরিদপুর সদর উপজেলায় গত রোববার রাতে সন্ত্রাসীরা আলী আশরাফ (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গতকাল তিন ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। উপজেলার কৈজুরী ইউনিয়নের হাড়োকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে পাঁচজন সন্ত্রাসী আশরাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আশরাফকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের সময় রাত তিনটার দিকে আশরাফের মৃত্যু হয়।আশরাফের বোন সুইটি বলেন, একই এলাকার রতন খন্দকার, মাসুম মৃধা, রাজীব সিকদারসহ পাঁচ ব্যক্তি এ হামলা চালিয়েছে বলে আশরাফ তাঁদের জানিয়েছেন। এলাকাবাসী সূত্র জানায়, আশরাফ সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেন। সম্প্রতি রতন ও তার বাহিনী এলাকার দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে আশরাফ গত বৃহস্পতিবার সালিস বৈঠকের আয়োজন করেন। রতন সেখানে হাজির না হওয়ায় বৈঠকটি হয়নি। এ ঘটনার তিন দিন পর সন্ত্রাসীরা আশরাফকে কুপিয়ে হত্যা করল। এদিকে গতকাল আশরাফের লাশ এলাকায় পৌঁছার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রতন, মাসুম ও রাজীবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফরিদপুর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।গতকাল বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মামলার প্রস্তুতি চলছে। আমীর আলী হত্যা মামলার আসামি রতন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।