ফরিদপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে গত রোববার দিবাগত রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১২-১৩ জনের একটি ডাকাতদল ওই দিন রাত পৌনে ১২টার দিকে কানাইপুর বিসিক শিল্প নগরীর স্টাফ কোয়ার্টারের মো. হাফিজুর রহমানের বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতেরা পরিবারের সদস্যদের পিটিয়ে বেঁধে ফেলে এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। রাত দুইটার দিকে ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে সৌদি প্রবাসী মোতালেব বিশ্বাসের বাড়ির জানলার গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে নগদ দেড় লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।ভোর চারটার দিকে ডাকাতদলের এক সদস্য পাহারাদার পরিচয় দিয়ে এবং পানি খাওয়ার কথা বলে কানাইপুর বাজারসংলগ্ন আমেনা বেগমের বাড়ির এক সদস্যকে দিয়ে দরজা খোলায়। এরপর ডাকাতেরা ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি মুঠোফোন সেট নিয়ে যায়।কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন তিন বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ দাদন ফকির বলেন, ‘এ ঘটনাগুলোকে ডাকাতি না বলে গ্রিলকাটা চোরের কাজ বলাই যুক্তিসংগত হবে।’