ফরিদপুরে একটি ডাকঘর বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ডাকঘর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।ব্রিটিশ আমলে ঝিলটুলী মহল্লার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে স্থাপন করা হয় ডাকঘরটি। ডাকঘরটির জন্য ভাড়া নেওয়া হয় মাসে মাত্র ১০ টাকা। বিদ্যুৎ বাবদ কোনো টাকা দিতে হয় না। শহরের প্রায় মাঝখানে হওয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শহরবাসী নানা প্রয়োজনে ডাকঘরটির ওপর নির্ভরশীল।ফরিদপুর প্রধান ডাকঘর সূত্রে জানা গেছে, এই ডাকঘরটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ডাকঘরটির মাসিক আয় সাত হাজার ৭৬৬ টাকা এবং ব্যয় ১৩ হাজার ৮৬৯ টাকা। ২০১২ সালের ৩১ অক্টোবর ডাকঘরটি বন্ধের সুপারিশ খুলনায় অবস্থিত পোস্টমাস্টার জেনারেলের (দক্ষিণ) কার্যালয়ে পাঠান ফরিদপুরের তৎকালীন সহকারী পোস্টমাস্টার জেনারেল মো. মাসুদ পারভেজ ও বর্তমান সুপার ফজলে রাব্বি। গত ২১ মে প্রস্তাবটি অনুমোদন করা হয়। ১১ জুন ফরিদপুরের সহকারী পোস্টমাস্টার মো. আহামিদুর রহমান ১ জুলাই থেকে ডাকঘরটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। ঝিলটুলী মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. সামাদ হোসেন বলেন, ‘প্রতি মাসে সোনালী ব্যাংক থেকে পেনশনের টাকা তুলতে আমাকে রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করতে হয়।’ এই ডাকঘরটি বন্ধ হয়ে গেলে তাঁকে দুই কিলোমিটার পথ ঘুরে স্ট্যাম্প সংগ্রহ করতে হবে। একই মহল্লার মো. আলী খান বলেন, ছোটবেলা থেকেই তাঁরা এই ডাকঘরের ওপর নির্ভরশীল। এ রকম পরিপাটি সাজানো-গোছানো ডাকঘর এ অঞ্চলে আর একটিও নেই। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘জনসেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাভ-ক্ষতি বিবেচনা করলে চলে না। যেখানে আরও ডাকঘর প্রয়োজন সেখানে এ সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’খুলনায় অবস্থিত পোস্টমাস্টার জেনারেল (দক্ষিণ) মো. আবদুর রশিদ বলেন, ডাকঘর একটি সেবামূলক প্রতিষ্ঠান। মহাপরিচালকের কার্যালয়ের নির্দেশে এটি বন্ধ হচ্ছে। তবে এলাকাবাসীর প্রয়োজন থাকলে ডাকঘরটি অবশ্যই চালু রাখা হবে।