ফরিদপুরে একটি সেতুর নির্মাণকাজ বন্ধ পাঁচ মাস
ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর এলাকায় কুমার নদের ওপর নির্মাণাধীন একটি সেতুর কাজ পাঁচ মাস ধরে বন্ধ আছে। সেতুর পাটাতনের সেন্টারিং করার পর কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার।ঠিকাদারের দাবি, রেললাইনের কাজের জন্য সেতুর কাজ বন্ধ রাখতে হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রকৌশলী বলছেন, সেন্টারিং (ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত বাঁশ ও কাঠের মাচা) মানসম্মত না হওয়ায় সেটি বাতিল করে দেওয়ায় ঠিকাদার কাজে দীর্ঘসূত্রতার আশ্রয় নিয়েছেন।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের উইং ওয়াল (সেতুর প্রবেশপথ রক্ষার দেয়াল) ও মাঝের দুই সারির চারটি পিলারের নির্মাণকাজ শেষ হয়েছে। সেতুর পাটাতনের ঢালাই দেওয়ার জন্য সেন্টারিংয়ের কাজও প্রায় শেষ, কিন্তু ঢালাই দেওয়া হচ্ছে না।শফিকুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ২০১২ সালের জানুয়ারি মাসে এই সেতুর নির্মাণকাজ শুরু হয়, কিন্তু সেন্টারিংয়ের কাজ করার পর পাঁচ মাস ধরে কাজ বন্ধ। ওয়াজেদ আলী ব্যাপারী নামের আরেক ব্যক্তি বলেন, সেতুটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেতুর কাজ শেষ হলে এলাকাবাসীর চরম ভোগান্তির অবসান হবে।স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, ৬৩ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক কোটি ২০ লাখ টাকা। নান্নু মিয়া নামের একজন ঠিকাদার সেতু নির্মাণের কাজ পেলেও তাঁর পক্ষে কাজটি করছেন জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন।আক্কাস হোসেন বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী-ফরিদপুর রেললাইন পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। এতে সেতুর জন্য পাথরসহ অন্যান্য নির্মাণসামগ্রী আনতে সমস্যা হচ্ছে। তাই সেতুর কাজ বন্ধ রাখতে হয়েছে। তিনি আরও বলেন, ‘পাশাপাশি এলজিইডি তহবিলের সমস্যার কথা বলে ঠিকমতো টাকা সরবরাহ করছে না। এ পর্যন্ত প্রায় ৮০ লাখ টাকার কাজ শেষ হয়েছে, অথচ বিল পাওয়া গেছে মাত্র ৪৫ লাখ টাকা।’ আক্কাস হোসেন আরও বলেন, ‘ঠিকমতো টাকার সরবরাহ পেলে আগামী ৩০ জুনের মধ্যে সেতুর কাজ শেষ করা হবে।’ আক্কাস হোসেনের বক্তব্য নাকচ করে দিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আদদাদ প্রথম আলোকে বলেন, ‘সেতুটির সেন্টারিংয়ের কাজে আমরা সন্তুষ্ট না হওয়ায় সেটি বাতিল করে দেওয়া হয়। এই ক্ষোভে ঠিকাদার দীর্ঘসূত্রতার পথ বেছে নিয়েছেন।’ তিনি আরও বলেন, সাংসদের নামে বরাদ্দ করা তহবিল থেকে এই সেতু নির্মাণ করা হচ্ছে। ওই তহবিলে টাকার কোনো সংকট নেই।