ফরিদপুরে একসঙ্গে চার শিশুর জন্ম
বিয়ে হয় ছয় বছর আগে। সন্তান হচ্ছিল না। সন্তানের জন্য নানা চিকিৎসাও করিয়েছিলেন। অবশেষে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন সোনিয়া বেগম (২৪)। এ ঘটনা ঘটেছে ফরিদপুর শহরে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। ওই অস্ত্রোপচার করেন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক দীপ্তি রানী প্রামাণিক।
সোনিয়া বেগমের স্বামী ইমাম হোসেনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলা সদরে আজিজ সরদারের মোড় এলাকায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, একসঙ্গে চারটি শিশু মায়ের গর্ভে বেড়ে ওঠায় তারা সবাই অপুষ্টির শিকার হয়েছে। আট মাসের মাথায় জন্মের পর চার শিশুকেই তাই রাখা হয়েছে ইনকিউবেটরে। ডায়াবেটিক হাসপাতালে চারটি ইনকিউবেটর না থাকায় দুটি শিশুকে রাখা হয়েছে শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের দুটি ইনকিউবেটরে।
চিকিৎসক দীপ্তি রানী প্রামাণিক প্রথম আলোকে বলেন, সাধারণত একসঙ্গে চারটি শিশু জন্ম নেওয়ার ঘটনা ঘটে না। তবে বাচ্চা না হওয়ায় যেসব মা বন্ধ্যত্ব ঘোচাতে ক্লোমিফেন সাইট্রেট (বন্ধ্যত্ব নিবারণের ওষুধ) ব্যবহার করেন, তাঁদের ক্ষেত্রে এ জাতীয় ঘটনা ঘটতে দেখা যায়। এ ক্ষেত্রে তা–ই ঘটেছে। অপুষ্টির শিকার হলেও চারটি শিশুই ভালো আছে বলে জানান তিনি।