ফরিদপুরে এসএসসির কেন্দ্র থেকে শিক্ষক আটক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার কেন্দ্রে ঢুকে এক পরীক্ষার্থীকে সহযোগিতা করার সময় গতকাল রোববার পুলিশ এক শিক্ষককে আটক করে। অবশ্য পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফরিদপুর শহরের ময়েজউদ্দীন উচ্চবিদ্যালয়কেন্দ্রের ১০৫ নম্বর কক্ষ থেকে গতকাল দুপুর ১২টার দিকে ওই শিক্ষককে হাতেনাতে ধরা হয়। তিনি ফরিদপুর জিলা স্কুলের শিক্ষক বলে জানা যায়। ওই কক্ষের পরিদর্শক মো. ফেলু মাতুব্বর প্রথম আলোকে বলেন, ‘গতকাল বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত পরীক্ষা চলছিল। দুপুরে আকস্মিক একটি গাড়িতে চড়ে এক ব্যক্তি এই কক্ষে আসেন। এসেই তিনি এক ছাত্রকে প্রশ্নের উত্তর বলে দেওয়া শুরু করেন। আমি তাঁকে বাধা দিই। কিন্তু তিনি তা আমলে নেননি। পরে এ ঘটনা কেন্দ্র সচিবকে জানাই।’ ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘পরীক্ষার শুরু থেকেই আমরা ওই ছাত্রকে সহযোগিতা করার অভিযোগ পেয়ে আসছিলাম। গতকাল হাতেনাতে ওই শিক্ষককে আটক করা হয়।’ তিনি বলেন, ‘পরে কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতে বিচারের কথা বলে আমাদের কাছ থেকে তাঁর জিম্মায় নিয়ে যান।’ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মতিন বলেন, ‘আমরা তদন্ত করে দেখেছি, ওই শিক্ষক জিলা স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে ওই কেন্দ্রে গিয়েছিলেন। তিনি কাউকে নকল দেওয়া বা অন্যায় সুযোগ দিয়ে সহায়তা করেননি। তাই তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।’