ফরিদপুরে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ধর্ষণ মামলার বাদী ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের ২৫ বছর বয়সী এক নারীকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে মানববন্ধন হয়েছে। এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে ফরিদপুর বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। ধর্ষণের মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ২৮ এপ্রিল রাতে ধর্ষকেরা এসিড ছুড়ে বাংরাইল গ্রামের ওই নারীর গলা ও বুক ঝলসে দেয়। তাঁকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। গতকাল সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করা হয়। এক ঘণ্টার এ মানববন্ধনকালে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্যসচিব আইভী মাসুদ, সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের আহ্বায়ক অধ্যাপক আলতাফ হোসেন, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, মহিলা পরিষদের সভানেত্রী আরজু করিম, সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি, ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান, ফরিদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুন্সী মুহাম্মদ আলী প্রমুখ।প্রথম আলোর ফরিদপুর বন্ধুসভার সভাপতি হাসানুজ্জামানের পরিচালনায় সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সনৎ কুমার মালো।অধ্যাপক আলতাফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, সালথার এই নারীকে এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা সালথা থানা ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হব।অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি বলেন, এসিড ছোড়ার ঘটনায় করা মামলায় আমরা ফরিদপুরের আইনজীবীরা বিনা পয়সায় বাদীর পক্ষে লড়ব।