ফরিদপুরে কবি গ্যুন্টার গ্রাস স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশের বন্ধু সদ্য প্রয়াত জার্মান কবি গ্যুন্টার গ্রাস স্মরণে ফরিদপুরে স্মরণসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজ ও হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদ।
১৯৯৬ সালে গ্যুন্টার গ্রাস বাংলাদেশ সফরে আসেন। সে সময় বুড়িগঙ্গা নদীসহ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সহযাত্রী ছিলেন ফরিদপুরের ছেলে আলোকচিত্রী নাসির আলী মামুন। স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কলেজের অধ্যক্ষ মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলতাফ হোসেন, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার পরিষদের সম্পাদক মফিজ ইমাম, ফরিদপুর মৃণাল সেন চলচ্চিত্র পরিষদের যুগ্ম সম্পাদক রেজাউল মৃধা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্যুন্টার গ্রাস ভালোবাসতেন বাংলাদেশকে। তিনি বাংলাদেশ ভ্রমণ শেষ করে ঢাকা আবিষ্কার নামে একটি গ্রন্থ রচনা করেন। বাংলাদেশপ্রেমী এ কবি বাংলাদেশকে কখনো ভুলতে পারেননি।
প্রদর্শনীতে গ্যুন্টার গ্রাসের ঢাকা সফরকালীন নাসির আলীর তোলা ২৫টি আলোকচিত্র, গ্যুন্টার গ্রাস রচিত বিভিন্ন বই ও গ্যুন্টার গ্রাসের বিভিন্ন দেশ ভ্রমণের আলোকচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রশিদ আহমেদ।