ফরিদপুরে করোনা শনাক্তের হার ৪৯%, আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ।
ছবি: প্রথম আলো

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় সংক্রমিত ও এই ভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৩৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৪৯ শতাংশ।

করোনা ডেডিকেটেড এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ছয়জন; অপর দুজনের করোনাভাইরাসের উপসর্গ ছিল। আটজনের মধ্যে ফরিদপুরেরই পাঁচজন। অপর তিনজনের মধ্যে মাগুরার দুজন এবং পটুয়াখালীর একজন।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩২৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪২ জন; একই সময়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪১৮ জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবের মাধ্যমে ৪৩৬ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। এর মধ্যে ২১৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৯৭ শতাংশ। একই সময়ে র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা হয় মাত্র একজনের। ওই ব্যক্তি করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হন।

নতুন শনাক্ত ২১৪ জন করোনা রোগীর মধ্যে আলফাডাঙ্গায় ৬, ভাঙ্গায় ২৬, বোয়ালমারীতে ৫, নগরকান্দায় ১৩, মধুখালীতে ২৭, সদরপুরে ১৪, চরভদ্রাসনে ১১, সালথায় ৭ এবং ফরিদপুর সদরে ১০৫ জন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্তের এই তালিকায় র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে পরীক্ষায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের সংখ্যা যুক্ত করা হয়নি।